মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘আ.লীগ ছাড়া এবারের ঈদ যেন অনেকটা বেদনাদায়ক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম আপডেট : ০৩ এপ্রিল ২০২৬,
সামাজিক মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘আ.লীগ ছাড়া এবারের ঈদ যেন অনেকটা বেদনাদায়ক’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সম্প্রতি, একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আ.লীগ ছাড়া এবারের ঈদ যেন অনেকটা বেদনাদায়ক’ শীর্ষক মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে ওই দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২১ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘আশার আলো’ এর লোগো রয়েছে।
‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পৃষ্ঠাটি বিনোদনমূলক সংবাদ বিন্যাসে ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলি প্রকাশ করে। প্রচার করা পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে আমাদের পরিবারের সাথেই থাকুন।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘আ.লীগ ছাড়া এবারের ঈদ যেন অনেকটা বেদনাদায়ক’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
