রাজস্থলীতে ৩,৭৯৩ অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন
*রাজস্থলী সংবাদদাতা *
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ৩ হাজার ৭৯৩টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল হেরা মাসুম বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ৩,৭৯৩টি কার্ড ইউনিয়নভিত্তিক জনসংখ্যার হারে ভাগ করে তালিকা প্রস্তুত করা হয়। এরপর ইউপি চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠিয়ে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়।
এর প্রেক্ষিতে ঘিলাছড়ি ইউনিয়নে ১,১০, গাইন্দ্যা ইউনিয়নে ১,২০০ এবং বাঙালহালিয়া ইউনিয়নে ১,৪৯৩টি পরিবারের মাঝে নিয়োগকৃত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড না পায়। বিতরণের সময় দুস্থ ও অতি দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহম্মদ, মেম্বার উদয় তঞ্চঙ্গ্যা, রোজি মালা, ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, সজিব খিয়াং, জয়নাল আবেদীন, অজয় ত্রিপুরা, অঙ্গমালা তঞ্চঙ্গ্যা প্রমুখ।
