বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২৭ গ্রাম সোনাসহ তামিম আনসারী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কর্তৃপক্ষ। উদ্ধার করা এই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ লাখ ৬৬ হাজার টাকা।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় দুবাইয়ের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার (G9-526) একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ওই যাত্রী। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স, এনএসআই ও ডিজিএফআই-এর যৌথ দল তার ওপর নজরদারি বাড়ায় এবং তল্লাশি চালায়। এ সময় তার অন্তর্বাসে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পেস্ট আকৃতির ৯টি সোনার টুকরো উদ্ধার করা হয়।
আটক তামিম আনসারী ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কাপড়ের ব্যবসার পাশাপাশি এই রুটে তিনি নিয়মিত যাতায়াত করেন এবং সোনা চোরাচালানের সাথে যুক্ত।
