আইনজীবী হারুনুর রশিদ এর চেম্বারে সন্ত্রাসী তাণ্ডব – শ্লীলতাহানি ও নথিপত্র লুট সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ ।
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকায় এক আইনজীবীর বাসভবন ও চেম্বারে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা, লুটপাট এবং গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় একদল চিহ্নিত চাঁদাবাজ ও দুষ্কৃতকারী এই তাণ্ডব চালায় বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী অ্যাডভোকেট মোঃ হারুনুর রশিদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই অভিযোগ পেশ করেন।
অভিযোগের বিবরণে প্রকাশ, পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা অ্যাডভোকেট হারুনুর রশিদের পরিবারের কাছে গত ২০ মে স্থানীয় বাসিন্দা মোঃ ফালান (৪৯), সামছু (৪৫), জিসান (৩৮), বিপ্লব (৪০), নাঈম (৩০) সহ একদল সন্ত্রাসী ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ৭ দিনের সময় বেঁধে দেয়।
চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে গত ১২ জুন শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬:৫০ ঘটিকায় ১০/১২ জন অজ্ঞাতনামা সহযোগীসহ উক্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় ওই বাসভবনে চড়াও হয়।
ঘটনার সময় আইনজীবী বাসায় অনুপস্থিত ছিলেন। সন্ত্রাসীরা পুনরায় চাঁদা দাবি করলে বাদীর সাথে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা বেআইনিভাবে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আইনজীবীর চেম্বারে ব্যাপক ভাঙচুর চালায়।
তারা চেম্বারের ড্রয়ার থেকে নগদ ২০ হাজার টাকা, আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের আইন সংক্রান্ত মূল্যবান বইপত্র এবং ২ লাখ টাকার আসবাবপত্র লুটে নেয়। একই সাথে তারা একটি বিচারাধীন হত্যা মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নথিপত্র অসৎ উদ্দেশ্যে চুরি করে নিয়ে যায়, যার ফলে ওই আইনজীবী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সময় গৃহবধূ জান্নাতুল ফেরদৌসী বাধা দিতে গেলে প্রধান আসামি ফালানসহ অন্যেরা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং শ্লীলতাহানির উদ্দেশ্যে তার শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে লাঞ্ছিত করে। বাদীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সন্ত্রাসীরা সর্বমোট ৪ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল লুট করে এবং পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ প্রাপ্তির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
