রাঙ্গামাটি প্রতিনিধি —রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামে অবস্থিত একমাত্র সরকারি কবরস্থানের শত শত মূল্যবান গাছ টেন্ডার ছাড়াই গোপনে কেটে বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। *অভিযোগের মূল হোতা মিজানুর রহমান প্রিন্স।* তিনি নিজেই ৭ সদস্য বিশিষ্ট তিনটি পকেট কমিটি গঠন করে পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
১৯৮১ সাল থেকে ৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত শফিপুর সরকারি কবরস্থান শফিপুর গ্রামসহ আশপাশের এলাকাবাসীর একমাত্র শেষ ঠিকানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, *মিজানুর রহমান প্রিন্স বিগত ৩-৪ বার মসজিদ কমিটি গঠন করে নিজেই পদ-পদবী নির্ধারণ করেছেন।* একই কায়দায় তিনি কবরস্থানের জন্য ৭ সদস্য বিশিষ্ট তিনটি কমিটি গঠন করেছেন – ১. কবরস্থান কমিটি ২. উপদেষ্টা কমিটি ৩. উন্নয়নমূলক কমিটি।
*অভিযুক্তদের তালিকা:*
– *কবরস্থান কমিটি [৭ সদস্য]:* সভাপতি মিজানুর রহমান প্রিন্স, সেক্রেটারি মোঃ তালিব, ক্যাশিয়ার মাওলা সহ আরও ৪ জন
– *কবরস্থান উন্নয়নমূলক কমিটি [৭ সদস্য]:* আহবায়ক মোঃ তালিব, সদস্য সচিব আব্দুল জব্বার, ক্যাশিয়ার মাওলা সহ আরও ৪ জন
– *গাছ বিক্রির সাথে সরাসরি জড়িত:* মিজানুর রহমান প্রিন্স, আব্দুল জব্বার, মাওলা ও মোঃ তালিব
অভিযোগ রয়েছে, বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকার গাছ মাত্র ৭ লাখ টাকায় বিক্রি করে বাকি ৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। সরকারি সম্পত্তি বিক্রিতে বাধ্যতামূলক টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিরাজ বলেন, “আমি এই কমিটিতে নেই। এ বিষয়ে আমি কিছুই জানি না।”
*এত বড় অনিয়মের পরও প্রশাসনের নীরব ভূমিকা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।* এলাকাবাসী অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
