নিজস্ব প্রতিবেদক | বাঁশখালী, চট্টগ্রাম—চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ইশ্বর বাবুর হাট সংলগ্ন সাঙ্গু নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় জামায়াতপন্থী নেতা মোস্তাক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সাইফুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) ভোরে নদীতে ড্রেজার নামিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন শুরু হয়। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে সংশ্লিষ্টরা দ্রুত ড্রেজার সরিয়ে নেয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন করছে। এতে নদীর তীরভাঙন, পরিবেশ বিপর্যয় এবং আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে।
অভিযুক্তদের দাবি, বড় মাওলানা সড়কের উন্নয়নকাজের জন্য বালুর সংকট থাকায় সাতকানিয়া থেকে বালু আনার অনুমতি নেওয়া হয়েছিল। তবে স্থানীয়দের প্রশ্ন, সাতকানিয়া থেকে বালু আনার অনুমতি থাকলে সাঙ্গু নদীতেই কেন ড্রেজার বসানো হলো?
একাধিক সূত্র জানিয়েছে, অনুমতির আড়ালে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় নদী থেকে নিয়মিত বালু উত্তোলন চলছে। প্রশাসনের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সাঙ্গু নদী রক্ষায় স্থায়ী পদক্ষেপ নিতে হবে।
