রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সন্তানকে দেখতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে মারধর ও নগদ ৩৭,২২০ টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহরিয়ার বাদী হয়ে আজ বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে শাহরিয়ার উল্লেখ করেন, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের মাকসুদুর রহমানের মেয়ে ইসরাত জাহান ফারিয়ার সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে ৪ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে তার স্ত্রী ৩ লাখ টাকা ও ১.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে সন্তানসহ পালিয়ে যান এবং তাকে ডিভোর্স নোটিশ পাঠান। এরপর সন্তানের ভরণ-পোষণের জন্য তার স্ত্রী গত ৮ জুলাই ২০২৬ তারিখে আদালতে মামলা দায়ের করেন।
সর্বশেষ গত ২ আগস্ট ২০২৬ তারিখে তার সন্তান অসুস্থ হলে শাহরিয়ার তাকে দেখতে যান। এ সময় বাঙ্গালহালিয়া বাজার রাজস্থলীগামী সড়কে বিবাদী পক্ষের লোকজন তার পথরোধ করে কিল-ঘুষি মারে এবং তার কাছে থাকা কোম্পানির ৩৭,২২০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
শাহরিয়ার আরও বলেন, এ ঘটনার পর তিনি স্থানীয়ভাবে বিচার না পেয়ে ২১ জুলাই রাঙ্গামাটি পুলিশ সুপারের কাছেও তার বাবা রেজাউল মাস্টার মৌখিক অভিযোগ জানিয়েছিলেন।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
